রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি: দেড় শতাধিক এস-৪০০ কিনছে ভারত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের শক্তি বাড়াতে যাচ্ছে ভারত। রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি—এমনটাই জানিয়েছে রুশ গণমাধ্যম RT, ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times–এর বরাত দিয়ে।
সম্প্রতি এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক সমরাস্ত্র ও আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য ক্রয়তালিকায় রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, Dassault Rafale যুদ্ধবিমান এবং একটি এয়ার-শিপ-বেজড হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব সামরিক সরঞ্জাম কেনার প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।
যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি S-400 Triumf–এর নাম উল্লেখ করা হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন—‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে মূলত এস-৪০০ এবং Pantsir-S1–কেই বোঝানো হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করেছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা গেছে।বিশ্বের অন্যতম অত্যাধুনিক ও বিধ্বংসী দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এস-৪০০ একযোগে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ভারতের হাতে রয়েছে চারটি এস-৪০০ ইউনিট; শিগগিরই আরও দুটি যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন এই ক্রয়চুক্তি বাস্তবায়িত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই সম্ভাব্য চুক্তি শুধু সামরিক শক্তি বাড়ানোর বিষয়ই নয়, বরং বৈশ্বিক কূটনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণেও নতুন আলোচনার জন্ম দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।