ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের পর ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আরও ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন। মেধাক্রম ও প্রার্থীদের পছন্দক্রম বিবেচনায় এ মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ৭১০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের কথা ছিল। মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের এপ্রিলে; তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে তা দুই দফায় স্থগিত হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে আবার মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু করে পিএসসি।
