কুষ্টিয়ার দৌলতপুরে আল্লাহ দরগাহ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে (BATB) দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন BATB ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের শ্রমিকরা।
সোমবার (১৭ আগস্ট) দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের অফিসের গেটের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শ্রমিকদের মূল দাবি—দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি ব্যবস্থা বাতিল করে সরাসরি BATB-এর অধীনে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই ধরনের স্থায়ী কাজ করলেও অনেক শ্রমিক এখনো ঠিকাদারি ব্যবস্থার আওতায় কর্মরত রয়েছেন। ফলে তারা চাকরির নিরাপত্তা ও শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনরত শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। আন্দোলনকারীদের প্রধান স্লোগান—‘স্থায়ী কাজের জন্য স্থায়ী কর্মসংস্থান চাই।’
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে BATB-এর স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। তাদের মতে, চাকরির নিরাপত্তা নিশ্চিত হলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার আরও সুসংহত হবে।
