শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ, টস বন্ডের ৪ গুদাম সিলগালা, অনুমোদিত গুদাম দুটি, সরেজমিনে মিলল চারটি; যৌথ অভিযানে গুরুতর অসঙ্গতি

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য মজুতের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে অতিরিক্ত দুটি গুদাম ব্যবহারের তথ্য পাওয়ার পর অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে।

অভিযানে দেখা যায়, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউস রয়েছে দুটি। কিন্তু সরেজমিনে প্রতিষ্ঠানটির মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউস ব্যবহার করে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি/বন্ডেড) পণ্য স্থানান্তর বা অপসারণ রোধে এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা পণ্য অনুমোদিত গুদামের বাইরে কীভাবে সংরক্ষণ করা হচ্ছিল এবং এ ক্ষেত্রে বিধিবিধান লঙ্ঘন হয়েছে কি না—তা অধিকতর যাচাই ও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি-১-এর যৌথ অভিযানে পাওয়া এসব অসঙ্গতির পরিপ্রেক্ষিতে গুদামগুলো সিলগালা করায় এখন তদন্তেই বেরিয়ে আসবে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত পণ্য মজুতের পুরো চিত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।