লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে তার চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাইফুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতের কাজ (W-1 প্যাকেজ) অনুমোদিত ডিপিপি (DPP), আরডিপিপি (RDPP) কিংবা হোপ (HOPE) ছাড়াই বিধি-বহির্ভূতভাবে বাস্তবায়ন করেন।
অভিযোগ অনুযায়ী, তিনি ক্ষমতার অপব্যবহার করে একটি কাজের প্যাকেজকে ৮টি আলাদা প্যাকেজে বিভক্ত করেন এবং ই-জিপির মাধ্যমে টেন্ডার আহ্বান করেন। এতে মোট ব্যয় দেখানো হয় ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা।
এছাড়া তদন্তে আরও উঠে আসে, ৮টি প্যাকেজের বিপরীতে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিল পরিশোধ করা হয়েছে, বাস্তবে সেসব কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য ৮টি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২৪ অর্থবছরে কোনো কাজ না করেই বিল পরিশোধ করা হয়।
প্রজ্ঞাপনে এসব কর্মকাণ্ডকে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও গুরুতর দুর্নীতির শামিল বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী মো. সাইফুজ্জামানকে ৩ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনসহ বিস্তারিত থাকছে পরবর্তী সংখ্যায়।
