বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইফোন চুরির অপবাদে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু, লক্ষ্মীপুরে বিক্ষোভ-ভাঙচুর, পালিয়েছে অভিযুক্ত ৯ শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আইফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, আইফোন চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত মেহেদী হাসান (১৪) উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে এবং ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির আবাসিক শিক্ষার্থী।

কীভাবে ঘটল ঘটনা?

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত ১৪ জুন কলেজ শাখার এক শিক্ষার্থীর একটি আইফোন হারিয়ে যায়। এ ঘটনায় মেহেদীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন সিনিয়র শিক্ষার্থী তাকে ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করে।

একাডেমির আবাসিক শিক্ষক মো. ইসমাইল হোসেন জানান, ফোন হারানোর ঘটনায় সন্দেহের জেরে কয়েকজন শিক্ষার্থী মেহেদীকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর মৃত্যুর কারণ আড়াল করতে মেহেদীর মরদেহ গলায় মাফলার পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল।

ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী

মেহেদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাতেই স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শত শত মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রধান ফটক, অভ্যর্থনা কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। কয়েকটি যানবাহনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আবাসিক শিক্ষক ইসমাইল হোসেনের দাবি, বিক্ষোভ ও ভাঙচুরে প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরিবারের দাবি, আমার ভাতিজা নির্দোষ

নিহতের চাচা জুয়েল রানা বলেন, আমার ভাতিজা কোনো অপরাধ করেনি। তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।

সাত দিনের জন্য বন্ধ ঘোষণা

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রশাসন ও পুলিশের বক্তব্য

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য উদঘাটন না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছিল। তবে শুধুমাত্র মারধরের কারণেই মৃত্যু হয়েছে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পালিয়েছে অভিযুক্ত ৯ শিক্ষার্থী

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত ৯ শিক্ষার্থী ছাত্রাবাস ছেড়ে পালিয়ে গেছে। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মেহেদীর মরদেহ নিয়ে রামগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয়রা। এ সময় তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে এসেছে

এটি কি আইফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত নির্যাতনজনিত মৃত্যু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এর সঠিক উত্তর মিলবে তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।