সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না—ক্ষমা করে দিও” কারাগারের ফটকে নিথর দুই দেহের সামনে দাঁড়িয়ে এক অসহায় বাবার শেষ স্বীকারোক্তি”

বাগেরহাট জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

একটি বাক্য—কিন্তু তার ভেতরে জমে আছে জীবনের সবচেয়ে ভয়ংকর অনুতাপ, সবচেয়ে অসহ্য যন্ত্রণা আর বুকভরাকষ্ট।কারাগারের লোহার ফটকের সামনে দাঁড়িয়ে স্ত্রী ও মাত্র ৯ মাসের শিশুসন্তানের নিথর দেহের দিকে তাকিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম শুধু এটুকুই বলতে পেরেছিলেন— আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না। ক্ষমা করে দিও। এই একটি মুহূর্ত যেন থমকে দিয়েছে সবকিছু।

আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। সেই থেকে যশোর কারাগারই তার ঠিকানা। বাইরে তখন অন্য এক যুদ্ধ—অভাব, অপবাদ, অপেক্ষা আর নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করছিলেন তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী।

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ। ঘরের পাশেই পড়ে ছিল তার বুকের ধন, মাত্র ৯ মাস বয়সী সেজাদ হাসান নাজিফ—নিথর, নিঃশব্দ এক অদৃশ্য করুন প্রতিধ্বনি।

শেষ দেখা, কিন্তু ছোঁয়া নয়-

স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার জন্য প্যারোলে মুক্তি মেলেনি সাদ্দামের। তাই শনিবার সন্ধ্যায় স্বজনরা মা ও শিশুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান যশোর কারাগারে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছয়জন স্বজনসহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ফটকে ঢোকার অনুমতি পায় মাত্র পাঁচ মিনিট।

শুধু পাঁচ মিনিটের জন্য স্ত্রী আর সন্তানের নিথর দেহ দেখার সুযোগ পান তিনি। ছোট ভাই শহিদুল ইসলাম কাঁপা গলায় বলেন, ভাই বাচ্চাটাকে কোলে নেয়নি। শুধু মাথায় হাত রেখে বলেছে—আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না। ক্ষমা করে দিও।

এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠতে থাকে—এটা কি আত্মহত্যা, নাকি নির্মম কোনো হত্যাকাণ্ড? আত্মহত্যা, না কি সন্দেহে মোড়া মৃত্যু?

শুরুতে স্থানীয়দের ধারণা ছিল—স্বামী কারাবন্দি, মুক্তির কোনো নিশ্চয়তা নেই, অভাব আর মানসিক চাপেই হয়তো সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন স্বর্ণালী। প্রথম দিন এমন কথাই বলেন স্বর্ণালীর পরিবারও। স্বর্ণালীর ভাই শাহ নেওয়াজ আমিন শুভ তখন বলেন, দীর্ঘদিন স্বামী জেলে থাকায় আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছিল। হতাশা থেকেই হয়তো এমন ঘটনা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে দৃশ্যপট। দুই পরিবারের মধ্যে তৈরি হয় সন্দেহের দেয়াল।

এদিকে রোববার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে শুভ বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। অনেক গ্যাপ আছে। নামাজের পর ৪০–৪৫ মিনিটের মধ্যে খবর পাই। তখন বাড়িতে কেউ ছিল না। অনেক তথ্য মিলছে না।’

তিনি আরও জানান, ফেসবুকে সাদ্দামের দ্বিতীয় বিয়ের গুঞ্জন দেখেছেন, যা সন্দেহকে আরও ঘনীভূত করেছে।তবে সাদ্দামের পরিবার এসব অভিযোগ অস্বীকার করে বলছে— ‘কোনো অভাব ছিল না, দ্বিতীয় বিয়ের কথাও সম্পূর্ণ গুজব।’

শান্ত সংসার, হঠাৎ শূন্যতা, একতলা বাড়িটিতে এখন শুধু শোক আর স্তব্ধতা। সাদ্দামের বাবা মারা গেছেন পাঁচ বছর আগে। মা দেলোয়ারা একরাম বলেন, আমার বউমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সংসারে কোনো অভাব ছিল না। কেন এমন করল—আমি কিছুই বুঝতে পারছি না। শুক্রবার সকালে তিনি বাড়িতে ছিলেন না। ফিরে এসে পান সেই ভয়াবহ খবর—সব শেষ।

হত্যা মামলা, তদন্তের অপেক্ষা : স্বর্ণালীর বাবা রুহুল আমিন শুরুতে আত্মহত্যার কথা বললেও পরদিনই হত্যা মামলা করেন। তার প্রশ্ন একটাই— আমার মেয়ে যা-ই করুক, নাতিটা কীভাবে মারা গেল?’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুটির শরীরে পানিতে ডুবে মৃত্যুর লক্ষণ মিলেছে, তবে সেটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড—তা তদন্তসাপেক্ষ।

প্যারোল না পাওয়া নিয়ে প্রশ্ন-

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না পারা, শেষ বিদায়টুকুও না পাওয়া—এই মানবিক ব্যর্থতা নিয়েও উঠেছে প্রশ্ন। এক জেলা প্রশাসন বলছে আবেদন আসেনি, অন্য জেলা বলছে ক্ষমতা ছিল না। এই দোষারোপের ভেতরে চাপা পড়ে গেছে একজন মানুষের শেষ বিদায় জানানোর অধিকার।

শেষ ঠিকানা :-

শনিবার রাত ১২টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে, বাবার বাড়ির কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় মা ও শিশুকে। একই কবরস্থানে—দুটি কবর, মাঝখানে শুধু নিঃশব্দ প্রশ্ন। এই মৃত্যু আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা সময় বলবে। কিন্তু কারাগারের ফটকে উচ্চারিত সেই একটি বাক্য— “আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না”

এই সমাজের কাছে চিরকাল এক করুণ স্বীকারোক্তি হয়ে রয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।