রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকোর স্মরণে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, গাজীপুরে কৃষক দল ও শ্রমিক দলের ব্যতিক্রমী আয়োজন

আবু সাঈদ চৌধুরী
জুন ২৭, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি।

গত ২৬ জুন (শুক্রবার) বিকেল ৩টায় গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মুখোমুখি হয় জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দল।

খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। তবে খেলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিবেচনায় ম্যাচ পরিচালনা কমিটি উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও পূবাইল থানা বিএনপির সদস্য আলহাজ আসাদ হোসেন খান বুলবুল, সাখাওয়াত হোসেন খান খোকন, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক আল আমিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সোরহাব সরকার, যুবদল সভাপতি মোবারক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক পনির খন্দকার, বিএনপি সদস্য আফজাল হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফারুক শিকদার, পূবাইল মেট্রো থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুবদল নেতা হাসান মিয়া ও সুজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অতিথিরা বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর স্মরণে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের গলায় গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হয় এবং পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়, যা খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও বহন করে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পুরো টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন, ৪১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি রাসেল গাজী, রাকাতুল্লাহ সরকার এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পিন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।