ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোগান। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই সতর্ক করে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সোমবার (৯ নভেম্বর) আজারবাইজানের বাকু থেকে ফেরার পথে বিমানের ভেতর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ট্রাম্পকে তিনি স্পষ্ট ভাষায় যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন।
বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও মার্কিন পক্ষ থেকে বলা হচ্ছে, এই আলোচনা থেকে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। এর মধ্যেই কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এই পুরো পরিস্থিতিতে তুরস্ক শুরু থেকেই বলে আসছে যে ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তার নেতিবাচক প্রভাব পড়বে পুরো অঞ্চলে।
তবে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের এই ফোনালাপ শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েই ছিল না। তুর্কি প্রেসিডেন্ট আরও সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালির চলমান সংকট কেবল ইরান বা আশপাশের দেশের জন্যই সমস্যা তৈরি করছে না; বরং বর্তমানে বিশ্বজুড়ে যেসব দেশ উচ্চ মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে, তাদের সবার জন্যই এটি বড় ধরনের বিপদ ডেকে আনবে।
সূত্র: আল-জাজিরা
