ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে দেশবাসীর প্রতি ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল-মত, ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়—ঠিক সেই স্বপ্নের দেশ গড়তেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আর এই পথচলায় প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা।
তিনি জোর দিয় বলেন, রাজনৈতিক বিভাজন নয়—ঐক্যই হতে পারে উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী দেশবাসী কে উদ্দেশ্য করে বলেন, জনগণের আস্থা ও সমর্থন থাকলে একটি নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে তার সর্বোচ্চ শক্তি উজাড় করে দিতে পারে।
বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন—আগামী দিনে দেশের মানুষ আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানোদের প্রতিও জানান বিনম্র শ্রদ্ধা।
শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন— ঐক্যই আমাদের শক্তি, একসাথে এগোলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।
সবাইকে জানানো হয় পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
