পবিত্র মাহে রমজানের সংযম আর ত্যাগের শিক্ষা বুকে ধারণ করে, ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জাগো নারী ফাউন্ডেশন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গত ১৫ মার্চ ২০২৬ সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হয় এক হৃদয়ছোঁয়া ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগম এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সভাপতি নাসরিন আজিজ ডলি, যার উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানের সূচনাতেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সীমিত সামর্থ্য নিয়েও আমরা চেষ্টা করছি যেন তাদের মুখে ঈদের হাসি ফুটে ওঠে। তিনি সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করে জানান, দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসার প্রত্যাশা তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সহ-সভাপতি রোকশানা বেগম, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ প্রধান অতিথি নাসরিন আজিজ ডলি তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আপনাদের এই মানবিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে থেকেও দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে তিনি তার বড় বোন নূর-উন-নাহার মেরীর অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, তিনি আমাদের অভিভাবকের মতো। তার অনুপস্থিতিতে আমাদেরই এই সংগঠনের দায়িত্ব এগিয়ে নিতে হবে। তিনি উপস্থিত না থাকায় আমি শূন্যতা অনুভব করি।
শেষে উপস্থিত সকল নেতাকর্মী ও অতিথিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মানবিকতা, ভালোবাসা আর সহমর্মিতার এই উদ্যোগ যেন প্রতি বছর আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশাই রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
