সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় বাড়ি, দেশে শতকোটির সম্পদের অভিযোগ, রাঙামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমকে ঘিরে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি গণপূর্ত সার্কেলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ারুল আজিমকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যেখানে দায়িত্ব পালন করেছেন, সেখানেই নানা বিতর্ক, অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নামে-বেনামে শতকোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া এই কর্মকর্তা অতীতে দুদকের অনুসন্ধানের মুখোমুখি হয়েছেন এবং একাধিক বিভাগীয় তদন্তও হয়েছে। তবে এসব তদন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থামাতে পারেনি বলেও দাবি সংশ্লিষ্টদের।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, পদ ও প্রভাব ব্যবহার করে আত্মীয়-স্বজনের নামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, সরকারি প্রকল্প থেকে অবৈধ সুবিধা গ্রহণ এবং বিভিন্ন কৌশলে সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নিকটাত্মীয় রেজাউলকে দিয়ে ইউনিভার্সাল এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করা হলেও, এসব কার্যক্রমের নেপথ্যে আনোয়ারুল আজিম নিজেই প্রভাব বিস্তার করেন বলে দাবি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।

দেশ-বিদেশে বিপুল সম্পদের অভিযোগ

অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে কানাডায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া অভিযোগ রয়েছে, ঢাকার দক্ষিণখানে একটি গার্মেন্টস কারখানা, মিরপুর রূপনগরে ৬ কাঠার দুটি প্লট (রোড-১১, ব্লক-সি, প্লট নং-৩২/এ ও ৩৩/এ), মিরপুর টোলারবাগে পানির ট্যাঙ্ক সংলগ্ন ছয়তলা বাড়ি, উত্তরা ১২ নম্বর সেক্টরের রোড-৮-এ ৮৯/বি নম্বর বিলাসবহুল বাড়িসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ও জমি রয়েছে।

এছাড়াও তিনি ব্র্যান্ড নিউ হ্যারিয়ার ও লেক্সাস গাড়ি ব্যবহার করেন এবং প্রায়ই থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ভ্রমণ করেন বলেও অভিযোগ উঠেছে। একই সঙ্গে কথিত মডেল বা কলগার্লদের নিয়ে দেশ-বিদেশে প্রমোদ ভ্রমণ ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গাজীপুর গণপূর্তে অনিয়মের অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর গণপূর্ত বিভাগের কয়েকজন কর্মচারীর দাবি, আনোয়ারুল আজিম সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

তাদের ভাষ্য, এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণেই গণপূর্ত অধিদপ্তরের অনেক কর্মকর্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগেও সমালোচনার মুখে পড়েছেন।

পোস্টিং বদল, টেন্ডার ও প্রকল্প ঘিরে অভিযোগ

অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় মহাখালী সাবডিভিশনের এসডিইসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের দিকে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাজীপুর গণপূর্ত বিভাগে যোগ দিয়ে মেডিকেল কলেজের বিভিন্ন ম্যানুয়াল টেন্ডারে ব্যাপক অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। অভিযোগের পর তদন্ত শুরু হলে তিনি সিরাজগঞ্জে বদলি নেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পেও বেনামে ঠিকাদারি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আবারও গাজীপুরে ফিরে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যান বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, ২০১৯-২০ অর্থবছরে গাজীপুর গণপূর্ত বিভাগের ৩৪টি নির্মাণকাজে প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন না হওয়া সত্ত্বেও হস্তরশিদের মাধ্যমে ৪৯ কোটি ২৯ লাখ ২২ হাজার ৩০৬ টাকার বিল উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়।

এরপর পাবনা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী এবং পরে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে রূপপুর প্রকল্পেও নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে।

রাঙামাটিতে নতুন করে বিতর্ক

অভিযোগ রয়েছে, পাবনায় ব্যাপক সমালোচনা, গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন এবং স্থানীয় ঠিকাদারদের প্রতিবাদের মুখে সাময়িক বরখাস্ত হলেও পরে পুনরায় দায়িত্ব নিয়ে রাঙামাটি গণপূর্ত সার্কেলে যোগ দেন তিনি।

সেখানে মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে প্রভাবশালী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়মের অভিযোগও উঠেছে।

এসব অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ারুল আজিম এর অফিসিয়াল টিএন্ডটি নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রকৌশলী আনোয়ারুল আজিমের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ