রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে মাদক সেবনকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে কাঁচের আঘাতে নিহত হয়েছে মইজুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশু। এ ঘটনায় হামিদুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁও হোটেল ক্রসিং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মইজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথশিশু মোহাম্মদ আমিন জানান, সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে মাদক সেবন নিয়ে হামিদুলের সঙ্গে মইজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামিদুল ভাঙা কাঁচের টুকরা দিয়ে মইজুলের ঘাড়ের বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে।
নিহত মইজুল কারওয়ান বাজার এলাকায় বসবাস করত এবং জীবিকা নির্বাহের জন্য ভাঙাড়ি সংগ্রহের কাজ করত বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদকাসক্তদের দৌরাত্ম্যে পথশিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা দিন দিন ঝুঁকির মুখে।
