বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আবদুর রহমান মিয়ার ‘ইন্তেকাল’ ঘিরে প্রশ্ন ও ক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মিয়া (৭০) মারা যান। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

নিহত আবদুর রহমান মিয়া নগরের পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

কারাগার থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আবদুর রহমান মিয়া কারাগারে আসার আগেই ক্যান্সারসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে মামলার পর মামলা, আইনের মারপ্যাঁচে জামিন মেলেনি এ ক্যান্সার আক্রান্ত হাজতির।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আবদুর রহমান মিয়াকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন।

প্রথম দফায় ২৪ ডিসেম্বর গুরুতর অসুস্থ হলে তাকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি আবার কারাগারে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জানুয়ারি তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।