অদ্য ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুমারখালী উপজেলার দয়ারামপুর এলাকায় পরিচালিত হয় এক তদারকিমূলক অভিযান। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালানো এই অভিযানে উন্মোচিত হয় মিষ্টির মোড়কে লুকিয়ে থাকা অস্বাস্থ্যকর বাস্তবতা।
অভিযান চলাকালে স্থানীয় একটি মিষ্টির ছানা তৈরির কারখানা মনিটরিং করা হয়। দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও অনিরাপদ প্রক্রিয়ায় ছানা উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে—যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এমন চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। দয়ারামপুর ঘোষপাড়া এলাকার শ্যামল ঘোষের ওই ছানা তৈরির কারখানাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের কঠোরতায় যেন থমকে যায় অবহেলার দীর্ঘদিনের অভ্যাস।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী। তাকে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজিব পাল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আরাফাত আলী।
অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১২,কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিল—যাদের উপস্থিতিতে পুরো অভিযান চলে শৃঙ্খলাবদ্ধ ও নির্ভীকভাবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ,মিষ্টির স্বাদ যদি হয় বিষের মতো,তবে সেই স্বপ্ন ভাঙতেই হবে—নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কোনো আপস নয়।
