কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মজমপুরগেট, এনএস রোড ও থানারমোড় প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দ্দার এবং কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এমপি মুফতি আমির হামজার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের ওপর এমন হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হবে বলেও তারা মন্তব্য করেন।
এদিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে কুষ্টিয়া শহর।
