রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের ঝটিকা অভিযান: অস্বাস্থ্যকর ইফতার বিক্রিতে তিন প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

এস এম বাদল
মার্চ ৭, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝটিকা অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও খাদ্যসামগ্রী বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার এন.এস রোড বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে কাপড়ের দোকান, জুতা ও স্যান্ডেলের দোকান এবং কনফেকশনারি ও ইফতার সামগ্রীর দোকানগুলোতে নিবিড় মনিটরিং করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য ও ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, যা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে জমজম সুইটস ও কনফেকশনারিকে ২০ হাজার টাকা, নিউ শাহিন বেকারিকে ১০ হাজার টাকা এবং শাহীন বেকারি ও কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় তাকে সহযোগিতা করেন কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, রমজান মাসে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।