শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় রক্তাক্ত আধিপত্যের লড়াই: প্রতিপক্ষের হামলায় কুপিয়ে হত্যা দুইজন, আহত আরও একজন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (২৫) নামে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। নিহত দুজনই ছালিম হোসেন গ্রুপের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়।

গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, স্থানীয় মিন্টু চৌকিদার ও ছালিম হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।