হাসান মোল্লা
ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। শনিবার বিকেল চারটার দিকে রাজধানীর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানীর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ শনিবার বিকেল চারটার দিকে তিনি মারা যান।
হাসান মোল্লার মৃত্যুর খবর শুনে ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি হাসপাতালে ছুটে যান। তারা হাসান মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আমান উল্লাহ আমান বলেন, ঢাকা-২ আসনে নির্বাচনের গণসংযোগের প্রথম দিনে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মোল্লাকে গুলি করে সন্ত্রাসীরা। নির্বাচনে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই ঘটিয়েছে। যতই বাধাগ্রস্থ করুক না কেন নির্বাচনে বিজয় লাভ করব ইনশাল্লাহ।
