প্রতীকী ছবি
ময়মনসিংহের তারাকান্দায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল মর্মান্তিক হত্যাকাণ্ড। ক্রিকেট খেলতে গিয়ে বারবার বল দোকানে চলে আসা—এই সামান্য বিষয় নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাণ হারালেন ৫৫ বছর বয়সী মুদি দোকানি ফখর উদ্দিন।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত ফখর উদ্দিন দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পাশেই ছোট একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানের পাশের খালি জায়গায় প্রতিদিনের মতো সেদিনও ক্রিকেট খেলছিল স্থানীয় কিশোর ও যুবকরা। খেলার সময় বারবার বল দোকানের ভেতরে ঢুকে মালামালের ক্ষতি করছিল। এতে ক্ষুব্ধ হয়ে ফখর উদ্দিন ছেলেদের অন্যত্র গিয়ে খেলার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধই যেন কাল হয়ে দাঁড়ায়। কথার ঝগড়া দ্রুতই রূপ নেয় সহিংসতায়। উত্তেজিত কয়েকজন যুবক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া।
তারাকান্দা থানার ওসি তানভীর আহাম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বুধবার আদালতে পাঠানো হবে।
একটি ক্রিকেট বল… একটি ছোট্ট কথা কাটাকাটি…
আর সেই থেকেই একটি প্রাণ ঝরে গেল—এমন নির্মম বাস্তবতায় স্তব্ধ পুরো এলাকা।
