বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভায় জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান। ছবি সমতল মাতৃভূমি
‘ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উদ্যোগ আরও জোরদারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নোভানা জামিল, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র, সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ এবং পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
