বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে পাসপোর্ট অফিসের আবাসিক কক্ষে সহকারী পরিচালক নারীসহ আটক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়াকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলার আবাসিক কক্ষ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের আবাসিক অংশে এক নারীকে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ সময় ভবনের একটি টেবিলের ওপর খালি মদের বোতল পাওয়া গেছে বলেও স্থানীয়দের দাবি। এ ঘটনায় সেখানে মদ্যপানের অভিযোগ নিয়েও আলোচনা শুরু হয়।

তবে ওই নারী নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে দাবি করেন, রুস্তম আলী তার দূরসম্পর্কের দুলাভাই এবং তিনি বেড়াতে এসেছিলেন। কিন্তু গভীর রাতে একই কক্ষে অবস্থানের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।

অন্যদিকে সহকারী পরিচালক রুস্তম আলীর দাবি, রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় হয়তো দু-একজন বিষয়টি দেখতে পেয়েছেন। পরবর্তীতে কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে ওই নারীকে ‘দুই নম্বর’ বলে আখ্যায়িত করে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালকের দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।

ওসি আরও বলেন, সরকারি পাসপোর্ট কার্যালয়ের আবাসিক ভবনে গভীর রাতে দুজনের অবস্থানের বিষয়টি জানার পর নিরাপত্তার দিক বিবেচনায় রাত আড়াইটার দিকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় প্রকৃত ঘটনা কী, আবাসিক কক্ষে ওই নারীর অবস্থানের কারণ এবং মদের বোতল পাওয়ার বিষয়টি—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তের ফলাফলেই স্পষ্ট হবে—গভীর রাতের ওই ঘটনা নিছক পারিবারিক সম্পর্কের বিষয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।