শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৩৫। ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আরও ২ জনের প্রাণহানি হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে নতুন করে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুর ভয়াবহতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। সবশেষ অক্টোবরের প্রথম ৮ দিনেই সারাদেশে ডেঙ্গুতে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

ফলে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ৩০০-এর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একই সঙ্গে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।