ছবি সংগৃহীত
চুক্তি ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় শান্তি বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিন ধরে চলা আলোচনার পরও শান্তি চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি। তবে তারা পরবর্তী দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি আবারও আবুধাবিতে বৈঠক হবে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল দীর্ঘ বিরতির পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা। মার্কিন কর্মকর্তারা আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করলেও কিয়েভ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে আলোচনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈঠক চলাকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ক্রেমলিন। ইউক্রেন জানিয়েছে, এসব হামলায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। একই সঙ্গে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। এ অবস্থায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আলোচনায় যুদ্ধ অবসানের কাঠামো, নিরাপত্তা নিশ্চয়তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, আলোচনা গঠনমূলক হলেও এখনও বড় বাধা রয়ে গেছে।
বৈঠকে ইউক্রেনের পক্ষে প্রধান আলোচক রুস্তেম উমেরভ ও সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ অংশ নেন। রাশিয়ার পক্ষে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠকে মধ্যস্থতা করেন। এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতদের দীর্ঘ আলোচনা হয়।
এ ছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খারকিভ অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করলেও ইউক্রেন তা স্বীকার করেনি।
জেলেনস্কিকে ভাঁড় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জেলেনস্কিকে বিভ্রান্ত ক্লাউন (ভাঁড়) হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে– জেলেনস্কির এমন মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের করের টাকা নিয়ে জেলেনস্কি ও তাঁর সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলরা পকেট ভারি করছেন বলেও অভিযোগ করেন তিনি।
