সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ‘অক্সিজেন বাড়াতে’ স্কুল আঙিনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রক্তদানের পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার ব্যতিক্রমী উদ্যোগ; ইতোমধ্যে ২৯৪২ ব্যাগ রক্তদান করেছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন। ছবি : সমতল মাতৃভূমি

‘গাছে গাছে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’—এই প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন মানবিক সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার জগন্নাথ ইউনিয়নের সোনাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদরাসা, কওমী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের উৎস বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মমিন, আবুল হাশেম, মোঃ এমদাদ উল্যাহ, নুর মোহাম্মদ সুমন, পরিচালক মোঃ রাফি, সদস্য আব্দুল হাকিম মামুন, মডারেটর কিরন, মোহন, রাকিবসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ রাসেল বলেন, রক্ত ছাড়া যেমন মানুষের জীবন রক্ষা সম্ভব নয়, তেমনি অক্সিজেন ছাড়া বেঁচে থাকারও কোনো উপায় নেই। বৃক্ষই আমাদের অক্সিজেনের প্রধান উৎস। তাই রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণও মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের সকলের উচিত এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসা।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন জানান, ২০২০ সালের ৮ জুন প্রতিষ্ঠার পর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের ২ হাজার ৯৪২ ব্যাগ রক্ত সরবরাহ করেছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষায় রক্ত যেমন অপরিহার্য, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন বিশুদ্ধ অক্সিজেন। সেই লক্ষ্যেই প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মানবসেবা ও পরিবেশ সংরক্ষণ—দুই মহৎ উদ্দেশ্যকে একসঙ্গে ধারণ করে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের এ উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণের এই কর্মসূচি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।