বেনাপোল কাস্টমস ওয়্যারহাউজ থেকে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধারে চাঞ্চল্য। ফাইল ছবি
বেনাপোল বন্দরের ওয়্যারহাউজ থেকে জব্দকৃত ভারতীয় পণ্য পাচারের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এ সময় প্রায় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার এবং পাচারের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্য উদ্ধার ও আটকের ঘটনা ঘটলেও তাদেরকে আজ সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় দুই সহকারী রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনজন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ইন্দ্রজিৎ মুখার্জী, ট্রাকচালক মহসিন আলী, হেলপার জাহিদ হাসান।
উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল, ভারতীয় শাড়ি থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ।
বিজিবির বক্তব্য
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের হিসাব ও সিজারমূল্য নির্ধারণের কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাস্টমস সূত্র যা বলছে
কাস্টমস সূত্র জানিয়েছে, বেনাপোলে জব্দকৃত কিছু মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য কাভার্ড ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেইসঙ্গে বন্দর ওয়্যারহাউজ থেকে অতিরিক্ত পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি ওই চালানটি আটক করে।
প্রশাসনিক ব্যবস্থা
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হেসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে দুইজন এআরও ও তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, বেনাপোল কাস্টমস ওয়্যারহাউজ থেকে জব্দকৃত পণ্য পাচারের অভিযোগে এক রাজস্ব কর্মকর্তাসহ তিনজন আটক, দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার এবং পাঁচজন সাময়িক বরখাস্তের ঘটনায় সীমান্ত বাণিজ্য ও কাস্টমস প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকে এখন সবার নজর।
