সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুললেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম

বাগেরহাট জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জুয়েল হাসান সাদ্দাম

জামিনে মুক্তি পাওয়ার পর বাগেরহাট জেলা কারাগারের জেলারের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ তুলেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে বুধবার সন্ধ্যার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাগেরহাটে পৌঁছান সাদ্দাম। জামিনে মুক্তির পরপরই তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বাগেরহাট কারাগারের জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আনেন।

ভিডিওতে কী বললেন সাদ্দাম—– ভিডিও বার্তায় সাদ্দাম বলেন, বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে। বলেছে—যদি বাগেরহাটে থাকতে হয়, তাহলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে।

তিনি আরও দাবি করেন, কারাগারে যাওয়ার পর থেকে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার পরিবারের খোঁজখবর রেখেছেন এবং জামিন ও অন্যান্য খরচে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

নিজেকে ‘নির্দোষ’ ও ‘রাজনৈতিক বন্দি’ দাবি করে সাদ্দাম বলেন, আমাকে তিন মাস সেলে রাখা হয়েছে। আমার স্ত্রী খুব হতাশাগ্রস্ত ছিল।

কারা কর্তৃপক্ষের বক্তব্য: সাদ্দামের অভিযোগ নাকচ করে বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার আচরণের কারণেই তাকে যশোর কারাগারে পাঠানো হয়েছিল। জেলার চাইলেই কাউকে অন্য কারাগারে স্থানান্তর করতে পারে না। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

কারা কর্তৃপক্ষের দাবি, সাদ্দাম শুরু থেকেই কারাগারে আক্রমণাত্মক আচরণ করছিলেন। নিরাপত্তার কারণেই তাকে সেলে রাখা হয়েছিল। সেল কোনো শাস্তির জায়গা নয়। এটি নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়,—জানান কারা কর্মকর্তারা।

কারাগারের নথিতে যা আছে—– বাগেরহাট কারাগারের নথি অনুযায়ী— গত বছরের ১২ এপ্রিল সাদ্দাম একজন সেল ইনচার্জকে হুমকি ও গালাগাল করেন। ৬ জুলাই এক সহবন্দিকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই তাকে আলাদা সেলে রাখা হয় বলে দাবি কারা কর্তৃপক্ষের।

মুখোমুখি দুই দাবি—– একদিকে জামিনে মুক্তি পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘুষ চাওয়ার অভিযোগ, অন্যদিকে কারা কর্তৃপক্ষের কঠোর অস্বীকার—এই দুই বিপরীত দাবির সত্যতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এখন দেখার বিষয়, এই অভিযোগ ঘিরে কোনো তদন্ত শুরু হয় কি না, নাকি বিষয়টি এখানেই থেমে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।