রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত ভেবে সঙ্গীকে মাঠে ফেলে পালাল চক্র

মাগুরা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুতের ট্রান্সফরমার। ছবি: সংগৃহীত

মাগুরায় ঘনঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন মনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। তিনি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে স্থানীয়দের অভিযোগ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাকে মৃত ভেবে ঘটনাস্থলের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তার সহযোগীরা।

শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে মাগুরা সদর উপজেলার ১৮ খাদা ইউনিয়নের কালীনগর এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। আহত মনু মিয়া লক্ষীকান্ত রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনু মিয়া। বিদ্যুতের ঝাঁকুনিতে তিনি ওপর থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে মৃত মনে করে সহযোগীরা ঘটনাস্থল থেকে সরিয়ে পাশের একটি মাঠে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

আহত চোর চক্রের সদস্য। ছবি: সংগৃহীত

রোববার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। এ সময় আহত ব্যক্তি নিজের পরিচয় দেন এবং জানান, তার সঙ্গে মুরাদ, ইব্রাহিম ও মফিজ নামে আরও তিনজন ছিলেন। তাদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।

পরে ঘটনাস্থলের পাশে একটি ব্যাগ ও ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। এসব আলামত উদ্ধারের পর স্থানীয়দের ধারণা আরও জোরালো হয় যে, ট্রান্সফরমার চুরির চেষ্টা চলাকালেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।

আহত মনু মিয়া জানান, ট্রান্সফরমার খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর তার সঙ্গে থাকা সহযোগীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার ও স্যালো মেশিনের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। তাদের দাবি, আহত মনু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।