চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার এই অভিযাত্রা শুরু হবে কচুয়া থেকেই, যা পরবর্তীতে ছড়িয়ে পড়বে সারাদেশে।
মন্ত্রী জানান, যেভাবে কচুয়াকে নকলমুক্ত করার সফল উদ্যোগ নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে এখন মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত উপজেলা গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আন্দোলনের সূচনাও এখান থেকেই হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হবে সুশাসন, নিরাপত্তা ও নৈতিকতার ভিত্তিতে নির্মিত একটি রাষ্ট্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়া এ মন্ত্রী শপথ গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় এসে প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় তিনি প্রশাসনের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “যতদিন বেঁচে থাকব, কাউকে দুর্নীতি করতে দেব না—এই অঙ্গীকার নিয়েই রাজনীতি করছি। যারা এ নীতির সঙ্গে একমত নন, তারা দায়িত্বে থাকতে পারবেন না।”
জনগণের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কচুয়াকে একটি পবিত্র, সুশাসিত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, কিশোর গ্যাং দমন ও বাজারে চাঁদাবাজি বন্ধে নজরদারি জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি—বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এতে প্রশাসন ও পুলিশ আরও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে।
এদিন মন্ত্রীকে স্বাগত জানান জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। সভায় সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিরাপদ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
