কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পরিচালিত সাঁড়াশি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় একযোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ আল মামুন (২৪), ফজর (৪০), আলাল (৩৫) ও মেহেদী হাসান (৩৫)। পরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন বলেন, মাদকের বিস্তার রোধ এবং দৌলতপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
প্রশাসনের এই সমন্বিত অভিযানে দৌলতপুরের মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু খুচরা কারবারিদের বিরুদ্ধে অভিযান নয়, বরং মাদকের মূল সরবরাহকারী, গডফাদার ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে মাদক নির্মূলে আরও কার্যকর ও স্থায়ী ফল পাওয়া সম্ভব হবে।
