বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা, আহত রিপোর্টার মাহফুজুর রহমান শিশির

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আদালতের রায়ে নিবন্ধন হারানো এবং পরবর্তীতে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং চলাকালে উপস্থিত সাংবাদিকরা সিনিয়র এক সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। এ সময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ মন্তব্যের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে কিছু সমর্থক সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার পর তার মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর অন্যান্য সাংবাদিকরা দ্রুত আহত মাহফুজুর রহমান শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।