বরিশালে সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের পাতা-ডাল ধরে টানাটানি করব না—ঘাড় ধরে টেনে সমূলে উৎপাটন করব। মেহেরবানী করে একবার সুযোগ দিন। আমরা মানুষের গোলাম হয়ে থাকব। নতুন করে কোনো চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সকাল পৌনে ১১টায় জামায়াত আমির মেহেন্দিগঞ্জে পৌঁছান। ১১টার দিকে মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি।
সমাবেশে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশে উন্নয়ন করতে টাকার কোনো অভাব নেই। তাঁর দাবি, “আওয়ামী লীগের ১৭ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা দিয়ে টানা চার অর্থবছরের বাজেট করা সম্ভব। আমরা পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করব।”
কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, “২৪-এর ৫ আগস্টের পর আমরা মামলা বাণিজ্য করিনি। আমাদের কর্মীরা মানুষের জীবন, মাল ও ইজ্জতের পাহারা দিয়েছে। সারাদেশে আমরা মামলা করেছি মাত্র ৮টি, আসামি একজন। অথচ আরেকটি দল নিজেদের ‘কিসমত উন্নয়নে’ নেমে চাঁদাবাজি করেছে, হাট-বাজার, ফুটপাথ, ঘাট ও স্ট্যান্ড দখল করেছে, মা-বোনদের ইজ্জত হরণ করেছে।
তিনি আরও বলেন, “যখন তারা ধরা খেয়েছে, তখন আমার পেছনে লেগেছে। আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েও ব্যর্থ হয়েছে। আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়েদের ইজ্জত লুণ্ঠন হতে দেব না।
সমাবেশের শেষ পর্যায়ে জামায়াত আমির বরিশাল জেলার পাঁচটি সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
সমাবেশ শেষে বেলা পৌনে ১২টার দিকে তিনি পটুয়াখালীর বাউফলে রওনা হন। সেখানে সমাবেশে বক্তব্য দেওয়ার পর একই দিনে ঝালকাঠি ও পিরোজপুরে পৃথক সমাবেশে বক্তৃতা করার কথা রয়েছে।
