রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন সরকারের কাছে নিরাপত্তা ও সমতার বার্তা দিলেন শবনম ইয়াসমিন বুবলী

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে এখন উৎসবের আবহ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের প্রত্যাশা— কেমন হবে আগামী দিনের বাংলাদেশ, কেমন হবে নতুন সরকার? এই আলোচনায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এবার নিজের প্রত্যাশার কথা জানালেন স্পষ্ট ভাষায়। তাঁর কথায়, “এখনো জানি না কারা সরকারে আসবেন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটাই চাওয়া— আমরা যেন নিরাপদ থাকতে পারি।”
বুবলী জোর দিয়ে বলেন, নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সমাজে সমতা ও পারস্পরিক সম্মান বজায় থাকুক— এমন একটি পরিবেশই তিনি প্রত্যাশা করেন। তাঁর ভাষায়, “সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই, যেখানে প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হবে।”
নির্বাচনকে ঘিরে তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার আশা ব্যক্ত করেছেন। তাঁর বিশ্বাস, শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে নাগরিকের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করাই হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার।
এদিকে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ ছবিতে কাজ করছেন তিনি। পাশাপাশি যুক্ত হয়েছেন ‘ঢাকাইয়া দেবদাস’ নামের আরেকটি সিনেমাতেও। ব্যক্তিজীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়েও যে তিনি সমানভাবে ভাবেন— সেই বার্তাই দিলেন বুবলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।