রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে নিরঙ্কুশ জয়: তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জনগণের এই সুস্পষ্ট রায় গণতান্ত্রিক উত্তরণের ধারায় একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক পথে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন। বার্তায় তিনি স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা। তাদের আদর্শ আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রফেসর ইউনূস আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক সম্ভাবনার নতুন দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—সব ক্ষেত্রেই প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব ও সুসমন্বিত উদ্যোগ। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।
বার্তার শেষে প্রধান উপদেষ্টা দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সব উদ্যোগের সাফল্য কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা কামনা করেন বিএনপি চেয়ারম্যানের জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।