শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিতদের পাশে দাঁড়াতে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান,পটুয়াখালীতে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস পালিত, মব জাস্টিস বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নির্যাতনের শিকার মানুষের ন্যায়বিচার, পুনর্বাসন ও মানবাধিকার নিশ্চিত করার দাবিতে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নির্যাতিতদের সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে শুক্রবার (২৬ জুন) সকালে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি রাষ্ট্র ও সমাজকে আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মানবাধিকারকর্মী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নির্যাতন, সহিংসতা ও বিচারবহির্ভূত সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং মানবাধিকারের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

পরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক অতুল চন্দ্র দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজসহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হোসেন।

বক্তারা বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের শুধু সহানুভূতি জানানোই যথেষ্ট নয়; তাদের আইনি সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আইনের শাসন, মানবাধিকার এবং বিচারব্যবস্থার জন্য গুরুতর হুমকি। তাই মব জাস্টিস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তারা নির্যাতনমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাষ্ট্র, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করলেই গড়ে উঠবে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ