ফাইল ছবি
পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ও সিরিয়া—উভয় দেশের নাগরিকত্বের অধিকারী ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো খাবার দিতে এসে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান খাবার পৌঁছে দেওয়া ব্যক্তি। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পটুয়াখালী সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে।
পুলিশ কক্ষে ঢুকে খাটের ওপর মাজেদ আল খতিবকে অচেতন অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি এর আগেই মারা গেছেন। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমার বাসায় ভাড়া থাকতেন। তিনি অত্যন্ত শান্ত-স্বভাবের ও ভদ্র মানুষ ছিলেন। এলাকায় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তাকে দেখতে আসতেন। শুক্রবার খাবার দিতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে আমি পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি সিরীয় ও বাংলাদেশি, উভয় দেশের নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারের সদস্যরাও বাংলাদেশেই বসবাস করেন। মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
