বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে প্রাণবন্ত আয়োজন। ফাইল ছবি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সবুজে ঘেরা পরিবেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন করেছে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ।

বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও সবুজের বার্তা বহনকারী এ শোভাযাত্রায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মো. শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বন বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা সম্পর্কে খোঁজখবর নেন। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকার যে পাঁচ কোটি বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয়। তবে কেবল সরকারি উদ্যোগ নয়, প্রতিটি নাগরিককেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা গেলে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমবে, অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং অর্থনৈতিকভাবেও মানুষ উপকৃত হবে। তাই সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেক সচেতন নাগরিককে অন্তত একটি হলেও গাছ লাগানোর আহ্বান জানান তারা।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা চলবে ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৫টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ভেষজ গাছের উন্নতমানের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে, যা পরিবেশপ্রেমী ও বৃক্ষপ্রেমীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।