পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুই নারী হলেন— সুমাইয়া আক্তার ও মাহিনুর।
বুধবার (২৯ জুলাই) পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমাইয়ার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এরপর মাহিনুরের বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ টাকা ও মুঠোফোনও জব্দ করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, আটক সুমাইয়া আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, অ্যাডভোকেট আখি তাকে একটি প্যাকেট দিয়ে এক নারীর কাছে পৌঁছে দিতে বলেন। ওই নারী প্যাকেটটি গ্রহণের পর তাকে টাকা দেন। পরে তিনি সেই টাকা অ্যাডভোকেট আখির চেম্বারে দিয়ে আসেন। তার দাবি, চেম্বারে থাকা এক ব্যক্তি পাশের বিকাশের দোকানের মাধ্যমে ওই টাকা অ্যাডভোকেট আখির কাছে পাঠিয়ে দেন।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, পলিটেকনিক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে কয়েকটি পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। তাদের দাবি, আটক দুই নারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
