সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ভয়ংকর নীলনকশা

বিনোদন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

ওসিডি’ সিনেমার ট্রেলারে জয়া আহসান। ছবি: ভিডিও থেকে

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের কাছে জয়া আহসান কেবল একজন দক্ষ অভিনেত্রী নন—তিনি সময়ের অন্ধকার, জটিল ও স্পর্শকাতর চরিত্রগুলোর এক অনিবার্য মুখ। গত বছর ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’-এর মতো সিনেমায় টানা শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দুই বাংলার পর্দায় নিজের আধিপত্য আরও পোক্ত করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরেই দর্শকের সামনে হাজির হচ্ছে জয়ার আরও এক ভয়ংকরভাবে চ্যালেঞ্জিং সিনেমা—‘ওসিডি’।

সৌকর্য ঘোষাল পরিচালিত এই সাইকোলজিক্যাল ড্রামা আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার, যা মুহূর্তেই কাঁপিয়ে দিয়েছে সামাজিক মাধ্যম। ট্রেলার শেয়ার করে জয়া আহসান এক বাক্যে গল্পের গভীর ইঙ্গিত দিয়ে লিখেছেন— পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।

ট্রেলার দেখলেই স্পষ্ট—‘ওসিডি’ শুধুই একটি থ্রিলার নয়, এটি শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক ক্ষতের এক ভয়াবহ অনুসন্ধান। শৈশবে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা কীভাবে ধীরে ধীরে একটি মানুষের পুরো জীবনকে গ্রাস করে নেয়, কীভাবে অবদমিত স্মৃতি প্রতিশোধস্পৃহ আর অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেয়—ট্রেলারের প্রতিটি দৃশ্যে সেই অস্বস্তিকর সত্য নির্মমভাবে ফুটে উঠেছে।

এই সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। বাইরে থেকে নিখুঁত, পরিপাটি আর নিয়ন্ত্রিত এক জীবন—কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অতীতের ভয়ংকর ধূসর ছায়া। শৈশবের এক অন্ধকার অধ্যায় আজও তাকে তাড়া করে ফেরে। সেই গোপন অতীত যখন হঠাৎ এক রোগীর মাধ্যমে প্রকাশ্যে চলে আসে, তখনই শুরু হয় শ্বেতার জীবনের ভয়াবহ রূপান্তর।

জয়া আহসান ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।