শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে উন্নয়নের নতুন দিগন্ত: একাধিক সড়ক ও অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবু সাঈদ চৌধুরী
জুলাই ১৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অবকাঠামোগত উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। এলাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নাগরিক সেবাকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার-এর উপস্থিতিতে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ-সংক্রান্ত ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যান চলাচল হবে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনেও প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক গতি ফিরবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।