মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ।

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও করণীয় বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবে “Technology Facilitated Gender-Based Violence (TFGBV): Prevention & Response” শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসি’র জেলা ফোকাল মাহফুজা ইসলাম। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী হীরেন পন্ডিত এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ কান্তি হালদার বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে সচেতনতা জরুরি। বিশেষ করে নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আইনগত সহায়তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।

বক্তারা বলেন, বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে নাগরিক জীবন সহজ হলেও এর অপব্যবহারও বাড়ছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালায় উপস্থাপিত তথ্যে উল্লেখ করা হয়, ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের বিস্তারের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের অংশগ্রহণ বাড়লেও একই সঙ্গে হয়রানি, ব্ল্যাকমেইল, আইডি হ্যাকিং, ভুয়া পরিচয়ে প্রতারণা এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো অপরাধও বৃদ্ধি পাচ্ছে।

আলোচনায় উঠে আসে, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা এমন এক ধরনের অপরাধ, যেখানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারী ও মেয়েদের লক্ষ্য করে ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এটি শুধু অনলাইন হয়রানিতে সীমাবদ্ধ নয়; মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তি মাধ্যমেও সংঘটিত হতে পারে।

বক্তারা আরও জানান, সামাজিক লজ্জা ও নিরাপত্তাহীনতার কারণে অনেক ভুক্তভোগী এসব ঘটনা প্রকাশ করেন না বা আইনি সহায়তা নিতে পিছিয়ে থাকেন। ফলে অপরাধীরা থেকে যায় আড়ালে, যা নারীদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।

কর্মশালায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাত, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সেশন ও আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।