পবিত্র রমজানকে ঘিরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো হেল্প ফর নিডি ইউকে। ফেঞ্চুগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, যা এলাকাজুড়ে সৃষ্টি করেছে প্রশংসার ঢেউ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মহৎ কাজ আর হতে পারে না। তিনি উল্লেখ করেন, একটি পরিবারকে পুরো এক মাসের খাদ্য সহায়তা দেওয়া নিঃসন্দেহে বড় মানবিক উদ্যোগ এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
গত ২০ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালনা করে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম।
প্রেসক্লাবের সহ-সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেল্প ফর নিডি ইউকের বাংলাদেশ সমন্বয়ক শাহীন আহমদ খানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চালসহ প্রায় সাড়ে ৩ হাজার টাকার খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার হাসি—যা যেন রমজানের প্রকৃত চেতনারই প্রতিফলন।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ শুধু ক্ষুধা নিবারণই নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করে তুলবে। পবিত্র রমজানের ঐ সিয়াম সাধনার মাসে সাহায্যের হাত বাড়ানো একটি দৃষ্টান্ত স্থাপনই নয় ইতিবাচক সাড়ার মাইল ফলক উন্মোচন।
