শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল এই মহাসড়কটি যেন সাক্ষাৎ মৃত্যুফাঁদ। সংগৃহীত ছবি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনাকবলিত আরপি পরিবহণের সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। বিআরটিএ নাটোর অফিসের তথ্য অনুযায়ী, বাসটির রুট পারমিট ২০২৮ সালের ১৩ মে পর্যন্ত রয়েছে; তবে এর ফিটনেস সনদের মেয়াদ গত ১৩ মে শেষ হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ওপর ভিত্তি করে এই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলার পেছনে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল এই মহাসড়কটি যেন সাক্ষাৎ মৃত্যুফাঁদ। বিপজ্জনক বাঁক, সরু সড়ক, ডিভাইডারের অভাব আর ফিটনেসবিহীন যানবাহনের চলাচলে এখানে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

২০১৪ সালে এই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানির পর সড়কটি চার লেনে উন্নীত করা, ডিভাইডার নির্মাণ ও বিপজ্জনক বাঁকগুলো সোজা করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু এক যুগেও বাস্তবায়ন হয়নি সেই সুপারিশ।

এরই মধ্যে মঙ্গলবার একই মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে আরও ১২ জনের, আহত হয়েছেন অন্তত ৩০ জন। প্রতিটি বড় দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন ও নানা সুপারিশ এলেও কার্যকর পদক্ষেপের অভাবে থামছে না মৃত্যুর মিছিল।

গত মঙ্গলবার একই মহাসড়কে আরও ১২ জনের প্রাণহানির পর আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই ‘মৃত’ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।