রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বসন্ত-ভালোবাসার রঙিন মেলায় ফুলে ফুলে মাতোয়ারা বরিশাল

বরিশাল জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

জেলায় বসন্ত ও ভালোবাসা দিবসে ফুলের দোকানে তরুণ তরুণীদের ভিড়। ছবি: বাসস

বরিশালে আজ এক অনন্য সমাপতন। ঋতুরাজ বসন্তের আগমন আর বিশ্ব ভালোবাসা দিবস—দুটি অনুভূতির উৎসব একসঙ্গে মিশে শহরজুড়ে তৈরি করেছে রঙিন আবেগের ঢেউ। বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের এই মিলন যেন হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে একসঙ্গে জাগিয়ে তোলে।
সকালের নরম রোদ, হালকা হলুদ শাড়ি, ফুলে সাজানো চুল—সব মিলিয়ে বরিশাল শহর যেন এক চলমান ক্যানভাস। অলিগলি থেকে প্রধান সড়ক—সবখানেই ফুলের দোকানে উপচে পড়া ভিড়। তরুণ-তরুণী, নবদম্পতি, বন্ধু, এমনকি বাবা-মা ও সন্তানরাও ভিড় করছেন প্রিয়জনের হাতে একটি ফুল তুলে দিতে। যেন একটি ফুলেই বলা যায় হাজার না-বলা কথা।
ফুলের রানি গোলাপ আজ সবচেয়ে বেশি আদরে। তার সঙ্গে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, সূর্যমুখী, অর্কিডসহ নানান দেশি-বিদেশি ফুল। দোকানিরা যত্ন করে সাজিয়ে রেখেছেন রঙের পসরা—লাল, হলুদ, সাদা, বেগুনি… প্রতিটি রঙ যেন একেকটি অনুভূতির ভাষা।
ফুল কিনতে এসে আফরোজা নামের এক তরুণী বললেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। মা-বাবা, পরিবার—সবাইকে নিয়েই ভালোবাসা। বাবার কাছ থেকে একটি ফুল পেয়ে তার মনে যে আনন্দের ঢেউ উঠেছে, সেটিই আজকের দিনের প্রকৃত অর্থ।
সোনিয়া বললেন, বসন্ত মানেই নতুন শুরু, নতুন রঙ। আর ভালোবাসা দিবস মানেই হৃদয়ের কথাগুলো প্রকাশ করার সাহস। আজকের দিনটি প্রিয়জনের সঙ্গে সুন্দরভাবে কাটাতে চান তিনি।
ফুল ব্যবসায়ী মুজাহার গাজী জানান, বছরের শুরু থেকেই নানা দিবসে ফুলের চাহিদা বেড়েছে। যদিও দাম কিছুটা বেশি, তবুও বিক্রি ভালো। আরেক ব্যবসায়ী তাওসিফ রহমান বলেন, সাম্প্রতিক সময়ে পরিবহন ব্যয় বাড়ায় ফুলের দাম বেড়েছে। তারপরও ক্রেতাদের আগ্রহ কমেনি।বর্তমানে ভালো মানের গোলাপ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। রজনীগন্ধার স্টিক ৫০ টাকা, গাঁদার মালা ১২০ টাকা, জারবেরা ৫০ টাকা, অর্কিড ৮০ টাকা, সূর্যমুখী ২০০ টাকা—দাম একটু চড়া হলেও ভালোবাসার দিনে হিসাব কষে চলে না হৃদয়।
ক্রেতারা বলছেন, একটি ফুল শুধু উপহার নয়—এটি অনুভূতির প্রতীক। আর বিক্রেতারা বলছেন, নির্বাচন-পরবর্তী স্বাভাবিক পরিস্থিতিতে আবারও ফুলের কদর বেড়েছে, জমে উঠেছে ব্যবসা।
ঋতুরাজ বসন্তের রঙিন আবেশ আর ভালোবাসা দিবসের কোমল অনুভূতি মিলিয়ে আজ বরিশাল যেন ফুলের বালিতে সাজানো এক স্বপ্ননগরী। বিশ্ববাসী যখন ভালোবাসার ভাষায় নিজেদের রাঙাতে ব্যস্ত, তখন বরিশালও পিছিয়ে নেই। একটি ফুলের সুবাসে, একটি হাসির ঝলকে, একটি স্পর্শে—আজ চারদিকে শুধু ভালোবাসার জয়গান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।