তরুণ সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী করতে বাউলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় ৪ দলীয় মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৬। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকদের মূল প্রতিপাদ্য ছিল— “মাদককে না বলি, খেলাধুলার সাথে চলি।” খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়। টুর্নামেন্টজুড়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, শৈল্পিক ফুটবল নৈপুণ্য এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড় পলাশ সাহা । তাঁর উদ্যোগ, দিকনির্দেশনা ও খেলাধুলার প্রতি আন্তরিকতা আয়োজনকে সাফল্যের দিকে এগিয়ে নেয়। তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
এছাড়াও শিমুল রায় ও অমিত বিশ্বাসের সার্বিক সহযোগিতায় আয়োজনটি আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় হয়ে ওঠে। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় চারটি শক্তিশালী দল— আরজিনা ফাউন্ডেশন, তরুণ স্পোর্টিং, মল্লিক ব্রাদার্স ও ব্রাইট স্পোর্টিং। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা, যা দর্শকদের দারুণভাবে আনন্দ দেয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাউলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
