বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসে ১০ হাজার ইয়াবাসহ পাইকার গ্রেপ্তার, গাজীপুরে নতুন রুটে মাদক কারবারের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আটক এমদাদুল হক ছবি সংগৃহীত

গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস থামিয়ে এমদাদুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের সময় তাকে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার যুবক ইয়াবার পাইকারি কারবারি।

ডিএনসির ঢাকা বিভাগ গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান সমতল মাতৃভূমি’কে জানান, গাজীপুরে সম্প্রতি ইয়াবার একাধিক বড় চালান ধরা পড়েছে। নকল ইয়াবা তৈরির কারখানারও সন্ধান মিলেছে। তার ভাষ্য, রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ায় মাদক কারবারিরা পার্শ্ববর্তী জেলা গাজীপুরকে টার্গেট করছে। সেখানে চালান হাতবদল ও মজুদ করে পরে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ চলছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বাঘের বাজার এলাকায় ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এমদাদুল হককে গ্রেপ্তার এবং ইয়াবার চালান জব্দ করা হয়।
এ ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেছেন ডিএনসির পরিদর্শক মাহাবুর রহমান। মামলাটির তদন্ত করবে ডিএনসি।

ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, গ্রেপ্তার এমদাদুল হকের বাড়ি নেত্রকোণার পূর্বধলা থানার জারিয়া এলাকায়। তবে তিনি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান এনে গাজীপুরের নিরিবিলি এলাকায় মজুদ করে ঢাকা অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।