তৌফিক ইমরোজ খালিদী। ছবি: তার ফেসবুক পেইজ থেকে নেওয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিডিনিউজে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। রাজনীতি, ব্যবসা, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকতা করেছেন।
দেশের সাংবাদিকতা অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন পরিচিত ও প্রভাবশালী এক নাম। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
