পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেন তারা।
সাক্ষাতে নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে গঠনমূলক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।
