সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া গেজেটে ‘উপদেষ্টা’প্রতারণার জালে ধরা আরিফ—মধ্যরাতে নাটকীয় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন আরিফ মাঈনুদ্দিন (৫০)। ভুয়া প্রজ্ঞাপন, নকল গেজেট ও ক্ষমতার ছদ্মবেশে দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিস্তার করা এই ব্যক্তিকে শনিবার দিবাগত গভীর রাতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি ও সিটিটিসি ইউনিট এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে এই নাটকীয় গ্রেপ্তার সম্পন্ন হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুয়া ক্ষমতার মুখোশে ভয়ংকর প্রতারণা- গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাত আনুমানিক দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়— প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে তৈরি ভুয়া গেজেট।প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিংকার্ড,ও দুটি মোবাইল ফোন।

ডিবি সূত্র জানায়, আরিফ মাঈনুদ্দিন একটি জাল প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, সরকার তাকে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। শুধু তাই নয়, তিনি প্রতিমন্ত্রীর সকল সুযোগ-সুবিধা পাওয়ার কথাও উল্লেখ করে সেই ভুয়া গেজেট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠান—যার উদ্দেশ্য ছিল সরাসরি প্রতারণা।

নকল গেজেট, গুম ভিকটিম পরিচয়—সবই ছিল ফাঁদ। এছাড়াও তদন্তে আরও উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গত ১০ ফেব্রুয়ারি তিনি সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন। সেখানে নিজেকে ‘গুমের ভিকটিম’ হিসেবে দাবি করে রাষ্ট্রীয় সম্মান, এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথা উল্লেখ করেন। এছাড়া, গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন- আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার প্রতারণার নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

একের পর এক ভুয়া পরিচয়, ক্ষমতার অপব্যবহার আর চতুর প্রতারণা—সব মিলিয়ে আরিফ মাঈনুদ্দিনের এই কাহিনি যেন বাস্তবের এক রোমাঞ্চকর থ্রিলার, যার শেষ দৃশ্য এখন আদালতের পথে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।