কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব বামন পাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইয়াসিন জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের বহুল প্রতীক্ষিত রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে এবং ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের সহায়তায় বাস্তবায়ন হওয়া এ প্রকল্পের নির্মাণসামগ্রী ইতোমধ্যে নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তার খননকাজ পুরোদমে এগিয়ে চলছে।
দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে মসজিদে আসা-যাওয়ার ক্ষেত্রে মুসল্লিদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কর্দমাক্ত ও পিচ্ছিল পথে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তবে বহুদিনের সেই প্রত্যাশিত রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম পিন্টু জানান, ১০ ফুট প্রস্থ ও ২৭৫ ফুট দৈর্ঘ্যের এ রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে মুসল্লিদের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশেই দূর হবে। তিনি বলেন, এটি এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত একটি রাস্তা। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাস্তাটির নির্মাণকাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন হবে।
